প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৩ পিএম

চাঁদপুর শহরের পালপাড়া এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে স্বামী সবুজ আহমেদ (৪০) ও স্ত্রী শিউলী আক্তার (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়া দারুস সালাত মসজিদ সংলগ্ন শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্ত্রীর মরদেহ মেঝেতে পড়ে ছিল এবং স্বামী সবুজ আহমেদ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
নিহত সবুজ আহমেদ ঢাকা যাত্রাবাড়ী এলাকার জিন্নাত আলীর ছেলে এবং শিউলী আক্তার চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আবু তাহেরের মেয়ে। তারা প্রায় এক মাস ধরে শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
শিউলীর স্বজনরা জানান, শিউলী আক্তার নিজস্ব একটি ওষুধ কোম্পানির মালিক এবং ওই কোম্পানিতে স্বামী-স্ত্রী দুজনেই কাজ করতেন।
বাড়ির মালিক শাহজাহান পাটোয়ারী বলেন, “শিউলী আক্তারের মা সকাল থেকে ফোন করছিলেন, কিন্তু তার মেয়ের ফোন রিসিভ করা হয়নি। পরে আমরা দরজা খোলার চেষ্টা করি, কিন্তু তা না হওয়ায় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।”
শিউলীর মা খুরশিদা বলেন, “সবুজ আমার মেয়ের দ্বিতীয় স্বামী। সকালে আমি তাকে একাধিকবার ফোন করি, কিন্তু সে ফোন রিসিভ করেনি। পরে তার বাসায় গিয়ে দেখি দরজা বন্ধ। পরে বাড়ির মালিক ও পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।”
শিউলীর প্রথম সংসারের দুই সন্তান, রাফসান ও রাফি জানান, তারা তাদের মায়ের সাথে থাকতেন না এবং শহরের অন্য একটি ভাড়া বাসায় থাকতেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে শিউলীর গলায় কালো চিহ্ন রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।”
স্বদেশ প্রতিদিন/এমআর