প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪২ পিএম

কক্সবাজার সৈকতে গোসল করার পর অসুস্থ হয়ে এক পর্যটক মারা গেছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই পর্যটকের নাম ফেরদৌস খান (৪৪)। তিনি ঢাকার কমলাপুর এলাকার বাসিন্দা ছিলেন।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ দৈনিক স্বদেশ প্রতিদিনকে জানান, এদিন সৈকতের কলাতলী পয়েন্টে ফেরদৌস খান তার পাঁচ বন্ধু মিলে সাগরে গোসল করতে নামেন। গোসল শেষে কিটকট চেয়ারে বসে হঠাৎ তিনি অসুস্থতা অনুভব করেন এবং দ্রুত বালিতে পড়ে যান। বন্ধুদের সহায়তায় তাকে লাইফগার্ড ও বিচকর্মীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তবে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পুলিশ এবং ট্যুরিস্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
স্বদেশ প্রতিদিন/এমআর