বরগুনা শহরের কলেজ রোড এলাকায় স্ত্রী আসমা আক্তার পুতুলকে কুপিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী আবুল কালাম। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাথপট্টি ভাড়াটিয়া বাসায় বসে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসা মালিক মো. রাসেল জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তির কারণে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত ঝগড়া লেগে থাকতো। ওই অশান্তির অবসান ঘটাতে আবুল কালাম স্ত্রী আসমাকে হত্যা করেন।
নিহত আসমা আক্তার পুতুল বরগুনার ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামের মৃত মো. ইউনুস হাওলাদারের মেয়ে। ২০১৩ সালে পূর্বালী ব্যাংকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি শুর করেন আসমা। ২০০৮ সালে ইসলামি শরিয়ত মোতাবেক আবুল কালামের বিয়ে হয় তার। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, আবুল কালাম নিজেই স্ত্রীর হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আসমা আক্তার পুতুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করতে অভিযান চালানো হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে আবুল কালামকে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চলছে।
স্বদেশ প্রতিদিন/এমআর