প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪০ পিএম

সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী এলাকায় মাছের ঘেরে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন তরুণ উদ্যোক্তা ফিরোজ হোসেন (৩২)। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ হোসেন সাতক্ষীরা পৌরসভার পারকুখরালী দক্ষিণপাড়া এলাকার আবুল খায়েরের ছেলে।
নিহতের মামাতো ভাই জাহিদ হোসেন জানান, ফিরোজ হোসেন কুখরালী এলাকায় নিজস্ব মাছের ঘেরে চাষ করতেন। আজ সকালে ঘেরের জমিতে পানি দেওয়ার জন্য তিনি বিদ্যুৎ চালিত মোটরপাম্পের সুইচ অন করার সময় অসাবধানতাবশত লিকেজ হওয়া বিদ্যুতের তারে হাত লেগে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা পরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এমআর