থানার সামনে টিকটক করা আ. লীগ নেত্রী শিউলী গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৮ পিএম

নাটোরের বড়াইগ্রাম থানার সামনে টিকটক ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বড়াইগ্রাম পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলা হয়।
শিউলী খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। তিনি নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন তিনি।
জানা গেছে, সোমবার তিনি থানার সামনে টিকটক ভিডিও ধারণ করেন এবং সেটি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই তাকে গ্রেফতার করার দাবি জানান।
গ্রেফতারের আগে শিউলী খাতুন বলেন, ‘টিকটক করা আমার নেশা। সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলাম। তবে এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি।’
বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ভিডিওটি তাদের অগোচরে ধারণ করা হয়েছিল এবং সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর তাকে আটক করা হয়। তাকে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমআর