প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ২:০৫ পিএম

বরগুনার তালতলী উপজেলায় ৭৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫২টিতে প্রধান শিক্ষক নেই। এছাড়াও সহকারী শিক্ষকের ৩৭ টি পদ শূন্য। শিক্ষক স্বল্পতার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে।
প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, তালতলীতে ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে ৫২টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে এবং ৩৯০টি সহকারী শিক্ষকের পদের মধ্যে ৩৭টি পদ শূন্য। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ১০৫ জন।
দ্রুত এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সহকারী শিক্ষক, পরিচালনা কমিটি ও অভিভাবকেরা।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষক সংকট থাকায় অনেক বিদ্যালয়ে শিক্ষকদের পালাক্রমে পাঠদান করাতে হচ্ছে। এতে শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ছে। ফলে পাঠদানের জন্য বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে শিক্ষক সংকট লেগেই আছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্যতার কারণে প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে জানান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে সেগুলোর তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব শূন্য পদ পূরণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমআর