প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম

‘চা শিল্পের ভবিষ্যৎ গড়ে তুলব একসঙ্গে’ স্লোগানে পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা চা বাগান মালিক সমিতির আয়োজনে সরকারি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে অডিটোরিয়াম চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে জেলার ছয় শতাধিক চা চাষী অংশ নেন। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নূতন, সাধারণ সম্পাদক মানিক খানসহ অতিথি ও চা চাষীরা। বক্তারা চায়ের গুণগত মান বজায় রাখতে সময়মতো সার প্রয়োগ, জৈব বালাইনাশকের ব্যবহার এবং অতিরিক্ত কীটনাশক এড়িয়ে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তাঁরা জানান, চা পাতা সংগ্রহে মেশিন ব্যবহারে চাষীদের উৎসাহিত করা হচ্ছে এবং ঋণ ও অনুদানের মাধ্যমে এ কাজে সহায়তা দেওয়া হচ্ছে। চাষীদের ন্যায্য দাম নিশ্চিত করতে প্রশিক্ষণের পাশাপাশি পাতার বাজারে সিন্ডিকেট ঠেকাতে প্রশাসনের সহযোগিতায় সজাগ থাকার কথাও বলেন তাঁরা।
বক্তারা রাসায়নিক সারের সংকট দ্রুত সমাধানের দাবি জানান। তাঁদের মতে, এ সমস্যা দীর্ঘায়িত হলে চা উৎপাদন ব্যাহত হতে পারে। বিকেলে চা চাষীদের অংশগ্রহণে কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি