প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম

সংগৃহীত ছবি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালিয়েছে সখিপুর থানা পুলিশ। এ সময় জুয়া খেলার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
গত ২৫ নভেম্বর রাতে সখিপুরের ডাকবাংলো এলাকায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি ইসমাঈল হোসেন তানিশার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের হাতে আটক ১০ জন হলেন মোশাররফ মোস্তাকার, জাবু বয়াতী, নাইমুল সিকদার, নওশাদ মল্লিক, বাদশা সিকদার, ইমামুল মাজি, কালু ঢালী, মান্নান ওজি, হুমায়ুন ছৈয়াল ও আজাহারুল সরকার। আটক সবাই সখিপুর এলাকার বাসিন্দা।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এলাকায় জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।