
সংগৃহীত ছবি
পেঁয়াজের রাজধানী হিসেবে খ্যাত পাবনা জেলা শুধু পেঁয়াজ নয় ধানসহ অন্যান্য রবিশস্যর আবাদ ও খুবই ভালো হয় প্রায় জেলা জুড়ে। গত বছর ন্যায্য দাম না পেয়ে দফায় দফায় লোকসান গুনলেও চাষাবাদ ছাড়েননি কৃষক। লোকসান মাথায় নিয়েই চলতি মৌসুমে ইতোমধ্যে শুরু হয়েছে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজের চাষ। কেউ কেউ জমি প্রস্তুত করে রোপন করছে সারি সারি পেঁয়াজ, কারো জমিতে আবার পেঁয়াজের চারার অঙ্কুরোদগম শুরু হয়েছে। কেউ রোপনের জমি প্রস্তুত আবার কেউবা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। সেদিক থেকে কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া মুড়িকাটা পেঁয়াজ রোপণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তিন মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসে পেঁয়াজ ঘরে তোলা সম্ভব হবে। স্বল্প সময়ে ফসল ঘরে তোলার আশায় আগাম মুড়িকাটা পেঁয়াজ চাষে ঝুঁকছেন তাঁরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলন পাওয়া যাবে।
এদিকে সার পেতে ভোগান্তি, জ্বালানি তেলের মূল্য ও শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। তাদের দাবী সবকিছু মিলিয়ে এ মৌসুমে বিঘা প্রতি আবাদ খরচ ৫-১০ হাজার টাকা বেড়েছে।
কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে জেলায় মোট ৮ হাজার ৯৩০ হেক্টর জমিতে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৭১৬, আটঘরিয়ায় ৩৬০, ঈশ্বরদী ৮১১, চাটমোহর ৪৪০, ভাঙ্গুড়া ৪০, ফরিদপুর ৩৫৫, বেড়া ২ হাজার, সাঁথিয়া ১৬১৩ ও সুজানগর উপজেলায় ১৫৮৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এসব উপজেলা থেকে ১ লাখ ৩৯ হাজার ৯৩২ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্য রয়েছে। ইতোমধ্যে জেলার সদর, সুজানগর ও বেড়া উপজেলার চরাঞ্চলসহ চাষযোগ্য প্রায় সব উপজেলায় এ পেঁয়াজ রোপণ শুরু হয়েছে।
চরতারাপুর এর কৃষক তমিজ মন্ডল স্বদেশ প্রতিদিন কে জানান, গত বছরের তুলনায় বীজের দাম প্রতি মণে ৫০০-৮০০ টাকা কম হলেও আকারে বড় হওয়ায় রোপণ করতে গিয়ে পরিমাণে বীজ লাগছে বেশি। ফলে গত বছরের মতই খরচ হবে। কিন্তু সঠিক দাম পেলে তবেই ভালো মুনাফা হবে।
সাঁথিয়া উপজেলার সোনাতলা এলাকার চাষী মনিরুল ইসলাম স্বদেশ প্রতিদিন কে বলেন, উৎপাদন খরচ সম্পর্কে জানান, নিজ জমি চাষে ৩ হাজার, সারে ১০ হাজার, ১০ মণ বীজে ৩০ হাজার, রোপণ শ্রমিকের মজুরিতে ৬ হাজার ৪০০, সেচে ৩ হাজার, কীটনাশকে ৫ হাজার এবং নিড়ানিতে ৩ হাজার টাকা ব্যয় হচ্ছে, সেই হিসাবে খরচ গুনতে হবে বিঘা প্রতি প্রায় ৬০ হাজার টাকা। আবার বর্গাচাষীদের বিঘা প্রতি আরও প্রায় ৩০ হাজার টাকা খরচ যোগ করতে হয়। শেষ পর্যন্ত লাভ-লোকসান নির্ভর করছে বাজারদরের ওপর।”
পাবনা সদর উপজেলা লোহাগাড়া গ্রামের কৃষক আব্দুল বারেক স্বদেশ প্রতিদিন কে বলেন, গতবছর কিছু সার সরকারি নির্ধারিত হারে পেলেও এবার ডিলারের থেকে আমরা প্রয়োজন মতো সার পাইনি। আলাদাভাবে প্রতি বস্তা ডিএপি সার কিনেছিলাম ২২০০ টাকায়। ৬০০ টাকার শ্রমিক হয়েছে ৭০০ টাকা। এখন দেড় হাজার থেকে দুই হাজারের মধ্যে মিললেও আমাদের আবাদের সময় বীজের দাম ২২০০ থেকে ২৫০০ টাকা লেগেছে।
এ ব্যাপারে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবানর উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামানিক স্বদেশ প্রতিদিন কে জানান, আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজটা আবাদ হয়, চারা বা হালি পেঁয়াজ আসার আগে বাজারের চাহিদা মেটাতে। সেই লক্ষ্য নিয়ে জেলার সবগুলো উপজেলায় মুড়ি কাটা পেঁয়াজ রোপন করছেন। খরচ বৃদ্ধি ও আবাদের সংকটের ব্যপারে তিনি বলেন, এক বিঘায় ৩০-৪০ কেজি সার ব্যবহারের নিয়ম রয়েছে এবিষয়ে আমরা কৃষি অফিস এর মাধ্যমে সঠিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহারের পাশাপাশি সুপরামর্শও দিয়ে আসছি।
কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার কীটনাশক সরবরাহ করার পরও অনেকে অতিরিক্ত ফলনের আশায় দেড় থেকে দুই বস্তাও ব্যবহার করেন। ফলে অতিরিক্ত খরচ ও সার কীটনাশক ব্যবহারের ফলে ভালো মানের পেঁয়াজ হচ্ছে না। আবার যা হচ্ছে তা দীর্ঘদিন সংরক্ষণ করা যাচ্ছেনা। এসব কারনে শেষ পর্যন্ত কৃষকদের লোকসান গুনতে হয়। আমরা মনে করি সার কীটনাশক ব্যবহারে সুষম চাষের সঠিক পদ্ধতি অবলম্বন করলে খরচ কমের পাশাপাশি সঠিক দাম পাবারও সুযোগ রয়েছে। যেখান থেকে কৃষক ভালো মুনাফা অর্জন করতে পারবে।