রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফুটসাল ৭ টুর্নামেন্টের শিরোপা জিতল রিয়েল মাদ্রিদ      ● ​ঝালকাঠিতে গাঁজাসহ আটক ৪      ● ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, আজ শুরু রাস উৎসব      ● সিংড়ায় টানা বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে কৃষকেরা      ● আলীকদমে বন্য শূকরের আক্রমণে আহত ৩      ● বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত      ● শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকার তৈরির কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী      ● ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী      ● এআই দিয়ে ছবি-ভিডিও বানিয়ে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে : রিজভী      ● নাইজেরিয়ার শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ২৪ জনের মৃত্যু      ● ভারতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের নিহত ৯      
ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, আজ শুরু রাস উৎসব
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূজা শুরু হচ্ছে আজ রোববার। রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত ট্রলারে করে সুন্দরবনের উদ্দেশে যাত্রা শুরু করেছেন পুণ্যার্থীরা। বন বিভাগের পাস-পারমিট নিয়ে প্রয়োজনীয় খাবার ও সরঞ্জামসহ তাঁরা রওনা হয়েছেন।

আজ রোববার (২২ নভেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী রাস পূজা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো পুণ্যার্থীর সমাগম হওয়ার কথা রয়েছে।

রাস পূজা উপলক্ষে সুন্দরবনের বনজ সম্পদ ও বন্য প্রাণী রক্ষায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বন বিভাগ। পুণ্যার্থীদের চলাচলের জন্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি পথ। নির্ধারিত পথের যেকোনো একটি ব্যবহার করে দিনের বেলায় চলাচল করতে হবে। এ ছাড়া সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।

পূজায় অংশ নিতে আসা পুণ্যার্থীরা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই ফরেস্ট স্টেশন থেকে পাস-পারমিট সংগ্রহ করছেন। চাঁদপাই স্টেশন থেকে এ পর্যন্ত ২৯০টি ট্রলারের অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি ট্রলারে ২০ থেকে ৩০ জন পুণ্যার্থী ও দর্শনার্থী রয়েছেন বলে জানিয়েছে বন বিভাগ।

খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে আগত পুণ্যার্থী সনজয় মন্ডল বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমরা ৩০ জন ট্রলারে করে এসেছি। এক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। তিন দিনের জন্য মাঝারি আকারের ট্রলারটি ৩০ হাজার টাকায় ভাড়া করেছি। ঘূর্ণিঝড় আকভানের কারণে সাগর উত্তাল থাকায় পূজায় অংশ নেওয়া নিয়ে সংশয় ছিল। তবে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় আজ যাত্রা শুরু করেছি।’

কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি ও রাস পূজার পুণ্যার্থী বিদেশ রঞ্জন মৃধা বলেন, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারী হরিভজন নামের এক সাধু ১৯২৩ সালে দুবলার চরের আলোরকোলে প্রথম রাসপূর্ণিমার পূজা শুরু করেন। দুই যুগের বেশি সময় ধরে তিনি একা বনে অবস্থান করে পূজা উদ্‌যাপন করতেন। বনের ফলমূল খেয়েই জীবন ধারণ করতেন। তাঁর শুরু করা সেই আয়োজন এখন সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হয়েছে।

দুবলার চর রাস উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, রাস পূজার জন্য মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত তিন দিন বৃষ্টির কারণে প্যান্ডেল নির্মাণের কাজ ব্যাহত হয়েছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পুণ্যার্থীরা আসার আগেই কাজ শেষ হয়েছে। তিথি অনুযায়ী আজ পূজা-অর্চনা শুরু হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই স্টেশনের স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. হামিদুর রহমান বলেন, স্টেশন থেকে ২৯০টি ট্রলারের অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি ট্রলারে ২০ থেকে ৩০ জন করে পুণ্যার্থী ও দর্শনার্থী রয়েছেন।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, ঘূর্ণিঝড় আকভানের কারণে পাস-পারমিট দেওয়া নিয়ে সংশয় ছিল। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ সকাল থেকে পুণ্যার্থীদের পাস-পারমিট দেওয়া হয়েছে। নির্ধারিত পাঁচটি পথের মধ্যে পছন্দমতো একটি পথ ব্যবহার করে দিনের বেলায় চলাচল করতে পারবেন তাঁরা।

তিনি আরও বলেন, বন বিভাগের নির্ধারিত চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌকা, লঞ্চ বা ট্রলার নোঙর করা যাবে না। প্রতিটি নৌযানে রং দিয়ে বিএলসি অথবা সিরিয়াল নম্বর লিখতে হবে। সুন্দরবনে প্রবেশের পাস-পারমিট ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

রাস উৎসবে অংশ নিতে আগ্নেয়াস্ত্র ও অবৈধ সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে। কারও কাছে হরিণ শিকারের ফাঁদ, কুঠার বা করাত পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল, প্লেট, গ্লাস ও চামচ বহন এবং মাইক বাজানোসহ শব্দদূষণ সৃষ্টিকারী কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে বন বিভাগ। এসব নির্দেশনা মেনে চলতে পুণ্যার্থী ও দর্শনার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বন সংরক্ষক।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close