প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম

সংগৃহীত ছবি
নাটোরের সিংড়া উপজেলায় টানা দুই দিনের বৃষ্টিতে আমন ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে কেটে রাখা ধান তলিয়ে গেছে। অন্যদিকে অতিবৃষ্টির কারণে পাকা ধান কাটতেও বাধার মুখে পড়ছেন কৃষকেরা। এতে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন মাঠে বৃষ্টির পানিতে কেটে রাখা আমন ধান তলিয়ে রয়েছে। কোথাও ধানের গোছা পানির নিচে, আবার কোথাও কাটা ধান জমিতেই পড়ে আছে। ফলে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।
উপজেলার শ্রীকোল গ্রামের কৃষক মো. আব্দুল হক বলেন, জমিতে ধান পেকে গিয়েছিল। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আশঙ্কা থাকায় দ্রুত ধান ঘরে তোলার জন্য শ্রমিকদের বেশি টাকা দিয়ে ধান কাটাচ্ছিলাম। আমার মোট ১০ বিঘা জমির মধ্যে ৪ বিঘা জমির ধান ঘরে তুলতে পেরেছি। কিন্তু বাকি ৬ বিঘা জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। হঠাৎ বৃষ্টি হওয়ায় আর ধান ঘরে তুলতে পারিনি।
ডাহিয়া ইউনিয়নের কৃষক আশরাফুল ও নুরুল ইসলাম বলেন, ধান পেকে গেছে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ধান কাটতে পারছি না। আবহাওয়া দ্রুত ভালো না হলে জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় কৃষকদের আশঙ্কা, আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে এবং সময়মতো ধান কেটে ঘরে তুলতে না পারলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের। এ অবস্থায় দ্রুত আবহাওয়া স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন সিংড়ার আমন চাষিরা।