প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম

সংগৃহীত ছবি
জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ের পরিবেশগত সমস্যা চিহ্নিত করে তা সরকারি কর্তৃপক্ষের কাছে তুলে ধরার লক্ষ্যে পিরোজপুরে জেলা পর্যায়ে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় শহরের নায়োরী রেস্টুরেন্টের হলরুমে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) আয়োজিত ‘জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় এনগেজ (ENGAGE) প্রকল্প’-এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর সুশীল সমাজ সংগঠনের সভা প্রধান মো. আবু হারেস মল্লিক লাভলু।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আল আমিন, জেলা মৎস্য অধিদপ্তরের ম্যানেজার মো. শামীম আহমেদ, পিরোজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জনপথ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক খেলাফত হোসেন খসরু এবং এনজিও ব্যক্তিত্ব মো. রফিকুল ইসলাম পান্না। সভাটি সঞ্চালনা করেন কোডেকের এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার প্রশান্ত চক্রবর্তী। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. শফিকুল ইসলাম তপু ও মো. আশরাফ উদ্দিন মামুন।
অংশগ্রহণকারীরা বলেন, স্থানীয় পর্যায়ে পরিবেশ ও জলবায়ুসংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা জরুরি। এতে সমস্যার বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি কার্যকর সমাধানের পথ তৈরি হবে। বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় স্থানীয় পর্যায়ের সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা এবং পরিবেশ সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পিরোজপুর সদর, ইন্দুরকানী (জিয়ানগর) ও মঠবাড়িয়া উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান পরিবেশগত সমস্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর বিভিন্ন সংকট তুলে ধরেন তাঁরা।