শরীয়তপুরে মাদক ব্যবসার অভিযোগ ছড়ানোর প্রতিবাদে কামাল চৌকিদারের পরিবারের সংবাদ সম্মেলন
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম

শরীয়তপুরে ১০৫ পিস ইয়াবাসহ মিরাজ সরদার নামে এক যুবক গ্রেপ্তারের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কামাল চৌকিদার ও তাঁর পরিবারের সদস্যদের মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে বিভিন্ন পোস্ট ও মন্তব্য ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য চাঁদনী আক্তার বলেন, মিরাজ সরদার নামে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে তাঁরা চেনেন না। তাঁর সঙ্গে তাঁদের পরিবারের কোনো পরিচয় বা সম্পর্ক নেই। অথচ ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বাবা কামাল চৌকিদারসহ পরিবারের অন্য সদস্যদের নাম উল্লেখ করে মাদক সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ ছড়ানো হয়েছে। এতে তাঁরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানির শিকার হচ্ছেন।
চাঁদনী আক্তার আরও বলেন, সম্প্রতি তাঁরা বাড়ির পাশেই একটি জমি কিনেছেন। ওই জমি কেনার পর থেকেই একটি পক্ষ তাঁদের পরিবারের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার ও হয়রানি শুরু করেছে বলে তাঁদের অভিযোগ। জমিটি কেনাকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তাঁদের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে একাধিকবার দরবার-সালিশও হয়েছে। তাঁর দাবি, জমি কেনার বিরোধের জের ধরেই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পরিবারের সদস্যদের নাম জড়িয়ে মাদক ব্যবসার অভিযোগ ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, তাঁরা মাদককে ঘৃণা করেন। কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাঁকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। কিন্তু কোনো অপরাধ না করেও তাঁদের পরিবারের সদস্যদের নাম জড়িয়ে অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি নিজে একজন শিক্ষার্থী এবং টিউশনি করে জীবিকা নির্বাহ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অভিযোগ ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। জমি নিয়ে বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি করা যেতে পারে, কিন্তু এর সঙ্গে পুরো পরিবারকে অপরাধী হিসেবে উপস্থাপন করা উচিত নয়। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে কামাল চৌকিদার তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। বয়সের ভারে ন্যুব্জ ও অসুস্থ কামাল চৌকিদার কাঁপা কণ্ঠে বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। মাদক সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই। জীবনে কখনো সিগারেট কিংবা বিড়িও পান করেননি বলে দাবি করেন তিনি। তাঁর পরিবারের সদস্যরা কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না বলেও জানান তিনি।
এ সময় প্রতিবেশী বলোহরি কংশ মনিকও কামাল চৌকিদার ও তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, প্রায় ৪০ বছর ধরে তাঁদের সঙ্গে পরিচয় ও সুসম্পর্ক রয়েছে। দীর্ঘদিনের পরিচয়ে ওই পরিবারের কাউকে কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে দেখেননি বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ মিরাজ সরদারকে গ্রেপ্তার করে পালং মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে খবির ছৈয়াল নামে এক ব্যক্তি পালিয়ে যান বলে পুলিশ জানায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কামাল চৌকিদার ও তাঁর পরিবারের সদস্যদের নাম জড়িয়ে মাদক ব্যবসার অভিযোগ ছড়িয়ে পড়লে তাঁরা সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং এ ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানান।