প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:১১ পিএম

পাবনা মানসিক হাসপাতালে দালালির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসকের নির্দেশনায় জেলা এনএসআই পাবনার গোপন তথ্য ও প্রত্যক্ষ সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় দোষী সাব্যস্ত করে চারজনকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. ইদ্রিস আলী, মো. সুজন আলী, জাকির হোসেন ও মো. মাসুদ রানা। তারা সবাই পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকার বাসিন্দা।
অভিযানে এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবিরের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল এবং থানা পুলিশ অংশগ্রহণ করে।