প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম

মানিকগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।
শনিবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন।
যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল শতভাগ শূন্য, সে গুলো হলো,ঘিওর উপজেলার ড. আব্দুর রহিম খান মহিলা কলেজ, মানিকগঞ্জ সদর উপজেলার গোলাম মনির হোসেন কলেজ এবং দৌলতপুর উপজেলার বাঘুটিয়া আলিম মাদ্রাসা।
জানা যায়, এ বছর মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১০ হাজার ১৪৪ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৩ হাজার ৯১৫ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৭ জন শিক্ষার্থী। জেলায় এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৫৯ শতাংশ। অপর দিকে শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠান গুলোতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য। ড. আব্দুর রহিম খান মহিলা কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ছিলো মাত্র এক জন শিক্ষার্থী, তবে সে উত্তীর্ণ হতে পারেনি। অন্য দিকে, গোলাম মনির হোসেন কলেজের সাত জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছেন। একই ভাবে বাঘুটিয়া আলিম মাদ্রাসা থেকে অংশ নেওয়া নয় জন শিক্ষার্থীর কেউই পাসের মুখ দেখেনি।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন বলেন, জেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। কেন এমন ফল বিপর্যয় ঘটলো সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।