প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:০৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সংগীত পরিবেশনা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উদীচীর জেলা কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে সাধারণ পাঠাগারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মাওলা, আমিরুল মোমিনিন জীবন ও রবিউল ইসলাম ডলারসহ অন্যরা।
অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন এবং কবিতা আবৃত্তিতে অংশ নেন। এসব পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক চর্চার বিকাশ, অসাম্প্রদায়িক চেতনা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় তুলে ধরা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি