প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:০৭ পিএম

পরিবেশবান্ধব অর্থায়ন ও টেকসই বিনিয়োগের সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আমরার্ক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ এবং আমরার্ক লিমিটেডের চেয়ারম্যান জিসু পার্ক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে পরিবেশবান্ধব অর্থায়ন (গ্রিন ফাইন্যান্স) ও টেকসই বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, পরিচ্ছন্ন জ্বালানি এবং পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর প্রকল্পে বিনিয়োগ ও অর্থায়নের সম্ভাবনা বিকাশে উদ্যোগ নেওয়া হবে।
এ লক্ষ্যে টেকসই প্রকল্পে পরিবেশবান্ধব অর্থায়নে আগ্রহী গ্রাহক, বিনিয়োগকারী, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সম্ভাব্য অংশীদারদের মধ্যে যোগাযোগ স্থাপন, তথ্য বিনিময়, পরিচিতি বৃদ্ধি এবং পারস্পরিক নেটওয়ার্কিংয়ের সুযোগ সৃষ্টিতে উভয় প্রতিষ্ঠান সহযোগিতা করবে। এর মাধ্যমে দেশে টেকসই বিনিয়োগের পরিবেশ উন্নয়ন এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেবিসিসিআইয়ের সেক্রেটারি জেনারেল মিলিয়ন পার্ক, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের (এসএএমডি) ইভিপি মো. মজহারুল হক, ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন, করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেন, কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম এবং ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ