
রাজনীতি শুধু সভা-সমাবেশ কিংবা স্লোগানে সীমাবদ্ধ নয়, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই মানবিক ভাবনাকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় সড়ক বাজার পৌর মুক্তমঞ্চে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এ ক্যাম্পে প্রায় ২০০ জন অসহায় ও হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। বিকেল থেকেই দূর-দূরান্ত থেকে রোগীরা এসে লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নেন। বয়স্ক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন স্থানীয় মানুষের কাছে হয়ে ওঠে স্বাস্থ্যসেবার একটি সুযোগ। বিশেষ করে যাঁদের পক্ষে নিয়মিত চিকিৎসাসেবা ও পরামর্শ নেওয়া কঠিন, তাঁদের জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডাক্তার খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, পৌর যুবদলের সদস্যসচিব মো. হুমায়ুন রহমান নয়ন, যুবদল নেতা জিয়াউল হাসান সানি, মো. ইয়াসিন, আব্দুল হান্নান প্রমুখ।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন মেডিকেল অফিসার এ চিকিৎসাসেবা প্রদান করেন।
চিকিৎসাসেবা নিতে আসা মো. আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তাঁর পেটব্যথা করছে। কোনো কিছু খেতে পারছেন না। শরীর খুবই দুর্বল লাগছে। চিকিৎসকের কাছে যাওয়ার ইচ্ছা থাকলেও খরচের কথা চিন্তা করে এতদিন যেতে পারেননি। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।
মো. লোকমান মিয়া বলেন, অনেক দিন ধরে হাঁটু ও কোমরে ব্যথা। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছেন না। বিকেলে এখানে এসে দেখেন, ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ডাক্তার দেখান। চিকিৎসক তাঁকে বিনামূল্যে অনেক ওষুধ দিয়েছেন। বিনামূল্যে চিকিৎসক দেখানোর সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আখাউড়া পৌর যুবদলের সদস্যসচিব মো. হুমায়ুন রহমান নয়ন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। দলটি সব সময় রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ এ কাজ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ