প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:১৬ পিএম

“সঠিক জরিপ, সুরক্ষিত জমি, উন্নয়ন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পটুয়াখালী জোনাল সেটেলমেন্ট অফিসের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পটুয়াখালী জোনের ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার মো. আল-মুক্তাদির হোসেন। ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সার্ভেয়ার (গ্রেড-১) মো. জাহিদ হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি অ্যাডভোকেট শরিফ মো. সালাউদ্দিন, জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট মো. রুবেল হোসাইন এবং সরকারি কৌঁসুলি (জিপি) মো. আব্দুল্লাহ ইউসুফ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন উদ্দীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডিজিটাল ভূমি জরিপের মাধ্যমে জমির সঠিক পরিমাপ ও নির্ভুল রেকর্ড প্রণয়নের পাশাপাশি জমির সীমানা নিয়ে বিরোধ, খতিয়ানে ভুল, জমির পরিমাণে অসংগতি এবং মালিকানাসংক্রান্ত তথ্যের ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে। এ কার্যক্রম ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ভূমির মালিকদের হয়রানি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, জরিপ কার্যক্রম সফল করতে জমির প্রকৃত মালিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। জরিপের শুরু থেকে খসড়া রেকর্ড যাচাই, আপত্তি ও আপিল দাখিল এবং চূড়ান্ত পর্চা সংগ্রহ পর্যন্ত প্রতিটি ধাপে জমির মালিকদের সতর্ক থাকতে হবে। মাঠপর্যায়ে জরিপের সময় জমির পরিমাণ কম-বেশি দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট জরিপকর্মীদের জানাতে হবে। প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সরকারি ফি জমা দিয়ে পুনরায় জমি পরিমাপের ব্যবস্থা নেওয়া এবং মালিকানা বা সীমানা নিয়ে বিরোধ থাকলে বিধি অনুযায়ী আপত্তি বা ডিসপিউট দাখিল করতে হবে।
এ ছাড়া সরকারি জমি যথাযথভাবে রেকর্ডভুক্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন হবে এবং ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ