রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শনে প্রধানমন্ত্রী, ১০ লাখ টাকার অনুদান
সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:২৪ AM

রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শন করে ১০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভা শেষে নগরের মিয়াপাড়া এলাকার মন্দিরটিতে যান তিনি।
বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় রাজশাহী ধর্মসভার সভাপতি বিশ্বনাথ সরকারের হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন তিনি। মতবিনিময়কালে তারেক রহমান বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষই এ দেশের নাগরিক। দেশকে সমৃদ্ধ ও উন্নত করতে সবার সহযোগিতা প্রয়োজন। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করে তাঁদের শারদীয় শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী।
এদিকে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের নেতারা রাজশাহীতে একটি মডেল মন্দির নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। তাঁর পরিদর্শন উপলক্ষে ধর্মসভা মন্দির এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মন্দির পরিদর্শন শেষে বিকেল ৫টা ৩৭ মিনিটে শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। সেখান থেকে তাঁর চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে। এর আগে সকালে রংপুর সফর করেন প্রধানমন্ত্রী।
স্বদেশ প্রতিদিন/এস পি