প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:৩৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকায় মারজিয়া (১৯) নামের এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মারজিয়া কিশোরগঞ্জ জেলার নিকলী থানার নোয়াপাড়া এলাকার মো. মজনু মিয়ার মেয়ে। তাঁর স্বামী আশরাফুল নেত্রকোণা জেলার মদন থানার খাগুরিয়া এলাকার আবুল মিয়ার ছেলে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনারগাঁ পৌরসভার পুরান টিপুরদী এলাকায় রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মারজিয়া সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় স্বামী আশরাফুলকে (২১) নিয়ে মো. রফিকুল ইসলামের একটি টিনশেড ভাড়া বাসায় থাকতেন। তিনি স্থানীয় কেন্টাকি নিট কম্পোজিট লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় সময়ই তাঁদের মধ্যে মনোমালিন্য হতো। গত দুই দিন আগে বিকাশের টাকা নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়।
নিহতের স্বামী আশরাফুল জানান, রাতে বাসায় ফিরে তিনি দেখেন, দরজা-জানালা বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ