প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:৪৬ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ৭:৪৯ PM

রাইয়ান হত্যা: আল-আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর, পক্ষে মেলেনি আইনজীবী
পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাস বয়সী শিশু রাইয়ান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি আল-আমিনের ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনির আদালত এ রিমান্ড আদেশ দেন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফোরকান ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আবুল হোসেন জানান, ১০ মাসের নিরপরাধ ও নিষ্পাপ এক শিশুকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির কোনো সদস্য আসামির পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেননি।
ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে নিজ ঘরে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হয় ১০ মাস বয়সী শিশু রাইয়ান। সে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের রাসেল খানের ছেলে। নিখোঁজের দুই দিন পর শনিবার দুপুর ১২টার দিকে ঘুটাবাছা গ্রামে আসামি আল-আমিনের বসতবাড়িসংলগ্ন একটি খাল থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আদালতের নির্দেশনামোতাবেক আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মাধ্যমে হত্যার মূল কারণ উদ্ঘাটনসহ এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা বের করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ