প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:১৮ পিএম

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাবেন। সফরকালে তিনি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এক জনসভায় বক্তব্য দেবেন এবং রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন রাজশাহীর উন্নয়নমূলক কাজকে আরও ত্বরান্বিত করবে।
সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন এবং বিকেল ৩টায় মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে রাসিক প্রশাসক আজ রোববার মাদ্রাসা ময়দান পরিদর্শন করেন।
সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজশাহীর সার্বিক উন্নয়নের জন্য বিএনপি নানা উন্নয়নমুখী পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে—বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুল গফুর পেট্রল পাম্প থেকে বড় কুঠি ও বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়ন এবং প্রবীণ নাগরিকদের জন্য পার্ক নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মসজিদ-মাদ্রাসাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও কাজ চলমান রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ