প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:৪২ পিএম

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার সৈয়দপুর বাজারসংলগ্ন জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-১১০৮) সঙ্গে ঢাকাগামী বালুবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১২-২৬৪২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের যাত্রীরা আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে একমুখী যান চলাচল করছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নিতে রেকারের ব্যবস্থা করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ