প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:০৭ পিএম

মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের অংশ নেওয়ার ঘটনায় আইনের ব্যত্যয় হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৮ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ কথা বলেন।
ডিবিপ্রধান বলেন, ঘটনাটি মূল্যায়ন না করে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনার (ডিসি) বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দেবেন। সেখানে আইনের ব্যত্যয় পাওয়া গেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আইনগত ব্যবস্থা নেবে। একজন প্রতিমন্ত্রী পুলিশের মতো দায়িত্ব পালন করতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করতে চাননি।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ইশরাক হোসেনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে এক হাতে হ্যান্ড মাইক ও অন্য হাতে পিস্তল নিয়ে কয়েকজনকে ধাওয়া করতে দেখা যায়। ভিডিওতে তাঁকে অস্ত্র তাক করে ‘অ্যাই দাঁড়া, দাঁড়া’ বলতেও শোনা যায়। ঘটনাটি রাজধানীর গেন্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় ঘটেছে বলে জানা গেছে। পরে এক পোস্টে ইশরাক হোসেন ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসীর সহযোগিতা চান।
স্বদেশ প্রতিদিন/এস পি