প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:১৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে শুরু হয়েছে আট দিনব্যাপী লালন কারুমেলা। মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) সকালে ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়ায় এ মেলার উদ্বোধন করা হয়।
মেলায় নকশিকাঁথা, কাঠের তৈরি হাতি-ঘোড়া ও পুতুল, দারুশিল্প, হাতপাখা, বেতশিল্প, মাটির গহনা, ঝিনুকশিল্প, শতরঞ্জি, মণিপুরি তাঁত, কুমিল্লার খাদি, একতারা ও তাঁতবস্ত্রসহ বিভিন্ন ঐতিহ্যবাহী লোকজ পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন ১৫ জন কারুশিল্পী।
মেলায় আগত দর্শনার্থীরা কারুশিল্পীদের কাছ থেকে পণ্য তৈরির প্রক্রিয়া সরাসরি দেখার পাশাপাশি পছন্দের সামগ্রী কিনতে পারছেন। এতে লোকজ ঐতিহ্য ও কারুশিল্প সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে দর্শনার্থীদের।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন ও পুনরুজ্জীবনের পাশাপাশি কারুশিল্পীদের উন্নয়ন এবং তাঁদের তৈরি পণ্যের প্রসারে এ মেলার আয়োজন করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ