
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। এরই অংশ হিসেবে বরিশাল সিটি করপোরেশন এলাকার ৪৬টি এবং নগরীর বাইরের ৪৪টিসহ মোট ৯০টি পূজামণ্ডপের মধ্যে ইতোমধ্যে ৭৫টি পরিদর্শন করেছে ব্যাটালিয়নটি।
উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে পূজামণ্ডপের সিসিটিভি ব্যবস্থা তদারকি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, ইউনিফর্ম ও সাদা পোশাকে নজরদারি, বডি-অন ক্যামেরার ব্যবহার এবং বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম।
জরুরি প্রয়োজনে ০১৭৭৭-৭১০৮৯৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
শনিবার (১৭ অক্টোবর) বরিশালের শ্রী শ্রী শংকর মঠ মন্দির পরিদর্শন শেষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব নিরাপত্তাব্যবস্থার বিষয়ে তুলে ধরেন এসআরবি-৮, বরিশালের অধিনায়ক জনাব মোহাম্মদ জাকিউল করিম (জি), বিএন।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ব্যাটালিয়নের অন্যতম দায়িত্ব। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সদস্যরা সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
মিডিয়া ব্রিফিংয়ে শ্রী শ্রী শংকর মঠ মন্দিরের সভাপতি লিমন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক চিন্ময় দাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
এসআরবি-৮, বরিশালের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে ব্যাটালিয়নের সদস্যরা পেশাদারত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ