প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:০৬ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে জনসচেতনতামূলক মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রায়কোট জনতা বাজারে রায়কোট গ্রামের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে রায়কোট জনতা বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তালতলা ও রায়কোট গাঙ্গেরপাড় নতুন বাজার ঘুরে পুনরায় জনতা বাজারে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি’, ‘তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’ ও ‘মাদককে না বলুন’—এমন স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রায়কোট ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মোল্লা।
রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহাম্মদ আপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাঙ্গলকোট উপজেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুল মালেক মোল্লা, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ইস্রাফিল সোহাগ, জামায়াত নেতা ডাক্তার মজিব, রাজনীতিবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার নাছির মোল্লা, ওয়ার্ড বিএনপি নেতা গাজী কাসেম, সমাজসেবক সোহেল হাজারী, সমাজসেবক ও রাজনীতিবিদ রুহুল আমিন হাজারী, সমাজসেবক সুমন মজুমদার, ৫নং রায়কোট ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার ওমর ফারুক মোল্লা, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল নেতা আলাউদ্দিন সর্দার, শিপন হাজারী ও সম্প্রতি কিশোরগ্যাংয়ের হামলায় আহত নূরুল হক প্রমুখ।
এছাড়াও মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে রায়কোট গ্রামের সর্বদলীয় নেতাকর্মী ও গ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ