প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৫৩ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ৬:৫৫ PM

আসন্ন ৫নং মদাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ওবাইদুল কবির (কুন্নু)। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় তাঁর উদ্যোগে মদাপুর বাজার থেকে একটি নির্বাচনী মোটরশোভাযাত্রা বের করা হয়।
ওবাইদুল কবির কুন্নু কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা দলের জন্য ত্যাগ-তিতিক্ষা, হামলা-মামলা ও জেল-জুলুমসহ নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে জানান। দলের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরে আসন্ন নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মোটরশোভাযাত্রাটি মদাপুর বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। এ সময় তাঁর সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মোটরশোভাযাত্রার পাশাপাশি ওবাইদুল কবির কুন্নু মদাপুর ইউনিয়নের ১৩টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং পূজামণ্ডপগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
ওবাইদুল কবির কুন্নু বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের জন্য কাজ করেছি। নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেও দলের আদর্শ থেকে সরে যাইনি। আমি দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। মনোনয়ন পেলে মদাপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, তাঁর রাজনীতির মূল লক্ষ্য মানুষের সেবা করা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখা। দলীয় মনোনয়ন ও জনগণের সমর্থন নিয়ে মদাপুর ইউনিয়নকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করে তিনি দলের নেতাকর্মী ও ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন এবং সহযোগিতা কামনা করেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ