পঞ্চগড় : ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক নাটক প্রদর্শনী ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পঞ্চগড়ের করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন প্রাঙ্গণে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান, পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোছাঃ জান্নাতুন ফেরদৌস নিতু, হায়াতুন আলম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ আল মামুন রনকিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বোঝা হিসেবে নয়, বরং সম্ভাবনাময় ও সক্ষম নাগরিক হিসেবে দেখতে হবে। তাঁদের নিরাপদ চলাচল, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” আলোচনা সভা শেষে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং তাঁদের প্রতি বৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।