বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রশাসনে পদোন্নতি, বদলি ও অবসর—আট মাসের হিসাব প্রকাশ      ● ২০২৩ সালের অক্টোবর থেকে দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক      ● দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন      ● ভিউয়ের জন্য কাউকে অপমান করা বিনোদন নয়: মেহজাবীন      ● উত্তরে ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ইসরায়েলগামী ফ্লাইটে ২৯ দেশের ক্রুদের ওপর বিধিনিষেধ      ● দুর্গাপূজায় খাগড়াছড়ির চার মণ্ডপে ইউপিডিএফ গণতান্ত্রিকের অনুদান      ● বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা      ● সৌদির তেল স্থাপনা ও বিমানবন্দর ছাড়ার আহ্বান হুতিদের      ● বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে      ● পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই      ● হরমুজ প্রণালির কাছে ডুবল আরও দুই জাহাজ, নিহত এক নাবিক      
প্রশাসনে পদোন্নতি, বদলি ও অবসর—আট মাসের হিসাব প্রকাশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:০৬ পিএম

সরকার দায়িত্ব গ্রহণের প্রথম আট মাসে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে দুই হাজারের বেশি কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। একই সময়ে ১ হাজার ৫৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে, ৩২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৫৮টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।

মাঠ প্রশাসন থেকে সচিব পর্যায় পর্যন্ত এসব পরিবর্তনের বিস্তারিত তুলে ধরা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে। গতকাল বুধবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

পদোন্নতি পেয়েছেন ১,০৫৫ কর্মকর্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সিনিয়র সহকারী সচিব থেকে সচিব ও সমপর্যায়ের পদে ৭৪৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) মাধ্যমে অন্যান্য পদে পদোন্নতি পেয়েছেন আরও ৩০৯ জন।

প্রথম শ্রেণির এসব পদোন্নতির মধ্যে সিনিয়র সচিব ও সচিব পদে ১৮ জন, গ্রেড-১ পদে ৯ জন, যুগ্মসচিব পদে ১৮০ জন, উপসচিব পদে ২৭৫ জন এবং সিনিয়র সহকারী সচিব পদে ২৬৪ জন রয়েছেন।

অন্যদিকে, এসএসবির মাধ্যমে গ্রেড-১ পদে ১৭ জন, গ্রেড-২ পদে ৩৪ জন এবং গ্রেড-৩ পদে ২৫৮ জনসহ মোট ৩০৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

মাঠ প্রশাসনে ৫৮৯ বদলি-পদায়ন

মাঠ প্রশাসনেও ব্যাপক রদবদল করেছে সরকার। বিভাগীয় কমিশনার থেকে সহকারী কমিশনার পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মোট ৫৮৯টি বদলি ও পদায়নের তথ্য রয়েছে প্রতিবেদনে।

এর মধ্যে রয়েছেন ৬ জন বিভাগীয় কমিশনার, ৪ জন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ৩৬ জন জেলা প্রশাসক, ১০৯ জন অতিরিক্ত জেলা প্রশাসক, ৩০৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৮২ জন সিনিয়র সহকারী কমিশনার এবং ৪৪ জন সহকারী কমিশনার।

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগেও সচিব থেকে সহকারী সচিব পর্যায় পর্যন্ত কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে। এ তালিকায় রয়েছেন ৪৩ জন সিনিয়র সচিব ও সচিব, ১০০ জন অতিরিক্ত সচিব, ১০৩ জন যুগ্মসচিব, ১৮২ জন উপসচিব, ২৭৪ জন সিনিয়র সহকারী সচিব এবং ৩৪ জন সহকারী সচিব।

এ ছাড়া প্রেষণে বদলি ও পদায়ন করা হয়েছে ৫৭ জন অতিরিক্ত সচিব, ১১৫ জন যুগ্মসচিব, ২০৫ জন উপসচিব, ১৮২ জন সিনিয়র সহকারী সচিব এবং অন্যান্য পর্যায়ের ১৪৪ জন কর্মকর্তাকে।

বিভিন্ন মন্ত্রণালয়ে ৫৮টি নতুন পদ

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে মোট ৫৮টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে সচিব পদে ২টি, অতিরিক্ত সচিব পদে ৭টি, যুগ্মসচিব পদে ৮টি, উপসচিব পদে ১৪টি এবং সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব পদে ১৯টি রয়েছে। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক পদে ১টি এবং ভূমিসংশ্লিষ্ট সহকারী কমিশনার পদে ৭টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।

কর্মকর্তাদের অবসরের তথ্যও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। নথি অনুযায়ী, অতিরিক্ত সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের ৫৯ জন, যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের ২৫ জন এবং সহকারী ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ৩৬ জন কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। এর বাইরে ৩২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বিসিএস নিয়োগ ও প্রশাসনিক সংস্কার

সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রাক্‌-চাকরি যাচাই কার্যক্রম চলছে। এসব বিসিএসে যথাক্রমে ১ হাজার ৮০৬ জন, ১ হাজার ৪৫১ জন ও ১ হাজার ৩৩৪ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এ ছাড়া ২০২৬ সালের বিভিন্ন সময়ে ২৭তম ও ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। নথি অনুযায়ী, এসব বিসিএসের কয়েকটি ধাপে মোট ১ হাজার ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ, পদোন্নতি ও পদায়নের পাশাপাশি বিভিন্ন নীতিমালা সংশোধন এবং প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কর্মজীবন পরিকল্পনা প্রণয়ন, সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসক নিয়োগ, সরকারি যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ নীতিমালা-২০২৬ প্রণয়ন, মুদ্রণ ও প্রকাশনাসংক্রান্ত সংশোধিত নীতিমালা তৈরি এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন সংশোধনের কার্যক্রম।

এ ছাড়া অনলাইনে পেনশন নিষ্পত্তির জন্য ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু, সরকারি কর্মচারীদের কল্যাণসেবা সহজ করা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কার্যক্রমও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close