প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ AM

শান্তি ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে খাগড়াছড়ির চারটি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে ইউপিডিএফ গণতান্ত্রিক। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মধুপুরে দলের কার্যালয়ে মণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
অনুদান বিতরণ করেন ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা।
এ সময় তিনি বলেন, আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সহায়তা করা ইউপিডিএফ গণতান্ত্রিকের নতুন উদ্যোগ নয়। প্রতিবছর বিভিন্ন ধর্মীয় উৎসবে মানুষের পাশে থেকে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সংগঠনটি নানা কার্যক্রম পরিচালনা করে।
তিনি আরও বলেন, শুধু ধর্মীয় উৎসব নয়, দুর্যোগ মোকাবিলা, শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা, বিশুদ্ধ পানি সরবরাহ, বাসস্থান নির্মাণ ও বিনোদনসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সহায়তা দিয়ে আসছে সংগঠনটি। সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যেতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক।
বক্তারা বলেন, জনসাধারণের আস্থা অর্জন এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সংগঠনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর করতে সব ধরনের সহযোগিতায় পাশে থাকার কথাও জানান তাঁরা।
এ সময় দুর্গাপূজা উদযাপনে সব সম্প্রদায়ের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে খাগড়াছড়ির চারটি দুর্গাপূজা মণ্ডপের কর্তৃপক্ষের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি