
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল হাই আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক নেতা মো. কামরুজ্জামান রতন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া শোকবার্তায় আব্দুল হাইয়ের মৃত্যুর তথ্য জানান।
শোকবার্তায় কামরুজ্জামান রতন লেখেন, মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।
তিনি আরও উল্লেখ করেন, আব্দুল হাই পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবন
আব্দুল হাই দীর্ঘদিন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। বিএনপির কেন্দ্রীয় পর্যায়েও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। স্থানীয় রাজনীতি থেকে জাতীয় পর্যায়ে তাঁর দীর্ঘ পথচলা মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তাঁকে পরিচিত ব্যক্তিত্বে পরিণত করে।
১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর সংসদীয় রাজনীতির সূচনা হয়। এরপর ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি, একই বছরের ১২ জুন এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হন তিনি। সব মিলিয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল হাই। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী নিযুক্ত হন। পরে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত হন।
শোক প্রকাশ
শোকবার্তায় কামরুজ্জামান রতন বলেন, দীর্ঘদিন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দিয়ে এলাকার রাজনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত এই নেতার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানান তিনি।
বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি