প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:০৫ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কঠোরভাবে দমনে প্রস্তুত রয়েছে পাবনা জেলা পুলিশ। পাবনা জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে প্রতিনিয়ত দৃষ্টান্তমূলক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জেলার পুলিশ সুপার আবু আশ্রাফ। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবকে আনন্দময়, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারত্ব ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন।
পাবনায় যোগদানের পর থেকেই জেলা পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ তাঁর গতিশীল নেতৃত্ব, অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিক সেবামূলক মনোভাবের মাধ্যমে জেলাজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন। তাঁর দূরদর্শী ও বিচক্ষণ পদক্ষেপের ফলে জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। শুধু অপরাধ দমনই নয়, যেকোনো ধর্মীয় উৎসব ও জাতীয় অনুষ্ঠানে শান্তি বজায় রাখতে তাঁর সক্রিয় ভূমিকা অনন্য উদাহরণ তৈরি করেছে।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতি এবং দিকনির্দেশনা সম্পর্কে পুলিশ সুপার আবু আশ্রাফ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানান, পাবনা জেলাজুড়ে প্রতিটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। পূজার দিনগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, ইভটিজিং, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা নিরাপদে উদযাপনে জেলা পুলিশ দিনরাত কাজ করবে। কোনো অপশক্তি বা অপরাধী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্য কোনো মাধ্যমে যেকোনো ধরনের গুজব বা ভুল তথ্য ছড়ানোর বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। গুজবে কান না দিয়ে সন্দেহজনক যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য তিনি জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফের এমন দূরদর্শী, সময়োপযোগী ও কঠোর ভূমিকার কারণে পুরো জেলাজুড়ে সাধারণ মানুষ এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে গভীর আস্থা ও সুরক্ষার পরিবেশ তৈরি হয়েছে। জেলা পুলিশের এই নিবেদিতপ্রাণ কর্মকর্তার বলিষ্ঠ নেতৃত্বে জেলায় দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে বলে আশা করছেন পাবনাবাসী।
স্বদেশ প্রতিদিন/এফএইচ