
দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছে পতিত ফ্যাসিবাদের দোসররা। বিদেশে অবস্থান করেও তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নির্যাতনের শিকার অসহায় নেতাকর্মী ও তাঁদের পরিবারের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, "দেশের সম্পদ লুটপাট করে একটি মহল বিদেশে বিলাসী জীবনযাপন করছে। সেখানে বসেই তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে। ভারত থেকে পতিত সরকারের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের নাশকতা ও ষড়যন্ত্রের মদত দিচ্ছে।" এ ধরনের দেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কয়েক দিন আগে বিদেশের মাটিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করার প্রসঙ্গ টেনে বিএনপি নেতা রিজভী বলেন, "এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায়, তা সবার ভেবে দেখা উচিত।"
সরকারের কল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, "নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করছে। একজন অসহায় মানুষ মাস শেষে আড়াই হাজার টাকা পেলেও তাঁর খাবার ও দৈনন্দিন জীবনযাপনে কিছুটা স্বস্তি আসবে।"
আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, "রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করা নেতাকর্মী ও তাঁদের পরিবারের অবদান ভুলে যাওয়ার সুযোগ নেই। নির্যাতন-নিপীড়নে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।"
‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় মো. লকাই বিশ্বাসের হাতে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চিকিৎসা সহায়তা, নগদ অর্থ, কর্মসংস্থানের উপকরণ ও স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সহায়তা পাওয়া ব্যক্তিরা আবেগাপ্লুত হয়ে জানান, এসব আর্থিক সহায়তা ও সেলাই মেশিন তাঁদের আয়ের নতুন পথ দেখাবে এবং নির্মিত ঘরটি একটি নিরাপদ আবাসনের ব্যবস্থা করে দিয়েছে।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার হোসেন শিথিল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল কায়েস, চরভদ্রাসন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মো. কুদ্দুস আলী, ওবায়দুর বাড়ি দিপু খা, আমিনুল হক বাচ্চু, জাহাঙ্গীর আলম, মোস্তফা কবির, উপজেলা কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ, সাবেক ছাত্রনেতা জান এ আলম এবং গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেত্রীবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ