প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:৪০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারের নারী প্রধানেরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সংশ্লিষ্টদের ভাষ্য, রাজনৈতিক পরিচয় বা দলীয় সমর্থন নয়, যোগ্যতার ভিত্তিতেই সুবিধাভোগী নির্বাচন করা হবে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে আশুগঞ্জ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাহালি এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবিব), সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিপ্রা সরকার, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ মুন্সী, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আব্দুল মোনায়েম খান, ইউনিয়ন সহকারী মো. শাহ আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে অতিথিরা ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশংসা করেন। তাঁরা জানান, ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী পরিবারের যোগ্য নারীরাও এ কর্মসূচির সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা গুজব না ছড়ানোর আহ্বান জানান তাঁরা।
কর্মসূচির অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য সুবিধাভোগী নারীদের নাম, বাবার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহ শেষে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হবে। পরে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এ কল্যাণমূলক কর্মসূচি আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও তাঁরা উল্লেখ করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি