প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:৪৮ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানায় দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ছাড়া, পরিস্থিতি-সংশ্লিষ্ট যেকোনো ছবি, ভিডিও বা তথ্য ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়ে সতর্ক করা হয়েছে।
দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি-সম্পর্কিত ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য প্রকাশ ও আদান-প্রদান সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। তাই ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের তথ্য প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে এসব ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য মুঠোফোনে সংরক্ষণ কিংবা অন্যদের সঙ্গে শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। সৌদি আরবের আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল আচরণ করার ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাস।
জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের প্রয়োজনে যোগাযোগের জন্য কয়েকটি হটলাইন নম্বর প্রকাশ করেছে দূতাবাস।
- শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫
- পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬
- ডিপ্লোমেটিক উইং: ৮০০১০০০১২৪
- মৃত্যুসংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০
বিজ্ঞপ্তিতে সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে স্থানীয় আইন মেনে চলা, ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলা এবং যেকোনো পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস।
স্বদেশ প্রতিদিন/এফএইচ