প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৯ AM

দেশের অর্থনীতিতে স্বস্তির খবর নিয়ে এসেছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনেই দেশে ৫১৩ মিলিয়ন বা ৫১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৫ অক্টোবর একদিনেই এসেছে ১০৯ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বজায় রয়েছে।
প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি অর্থবছরে (২০২৬-২৭) ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয়ে ২১ দশমিক ৪ শতাংশ মাসিক প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের একই সময়ে (১-৫ অক্টোবর, ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ৪২২ মিলিয়ন ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় চলতি অক্টোবরের প্রথম পাঁচ দিনেই ৯১ মিলিয়ন ডলার বেশি রেমিট্যান্স এসেছে।
চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯ হাজার ১০৪ মিলিয়ন বা ৯ দশমিক ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ৫ অক্টোবর, ২০২৫) এ পরিমাণ ছিল ৮ হাজার ৮ মিলিয়ন ডলার। সে হিসাবে এ সময়ে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমেও গতি আনতে সহায়তা করবে।
স্বদেশ প্রতিদিন/এস পি