প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৩:০৩ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া বাজার থেকে মিরার বাজার যাওয়ার আঞ্চলিক সড়কের কাজীবাড়ি এলাকায় একটি কালভার্টে বড় ধরনের ভাঙন ও গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে কালভার্টটি এ অবস্থায় পড়ে থাকলেও তা সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে যাতায়াত করছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কালভার্টটির ওপরের ঢালাই উঠে গিয়ে একটি বড় অংশ ভেঙে নিচে ধসে পড়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে বাইসাইকেল, মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যানসহ ছোট-বড় শত শত যানবাহন চলাচল করে। কালভার্টটির ক্ষতিগ্রস্ত অংশ এড়াতে গিয়ে মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনার শিকার হতে হচ্ছে চালকদের। বিশেষ করে রাতে কোনো সড়কবাতি না থাকায় পথচলা একপ্রকার মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, কালভার্টটি দিয়ে ভারী যানবাহন চলাচল করলে যেকোনো মুহূর্তে বাকি অংশও পুরোপুরি ধসে পড়তে পারে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও দীর্ঘদিন ধরে এটি সংস্কারের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।
কাজীবাড়ি এলাকার বাসিন্দারা জানান, সড়কটির এ অংশে প্রতিদিন স্থানীয় বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচল করে। কালভার্টের গর্তের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জনস্বার্থে দ্রুত কালভার্টটি পুনর্নির্মাণ বা সংস্কার করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ