রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● স্বাস্থ্যসেবার মান যাচাইয়ে মাঠে থাকবেন ৫৪ কর্মকর্তা      ● রুশ ড্রোন হামলায় ৪০০ কোটি রুপির ক্ষতি, নিহত ১      ● ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা দেখছে ইইউ      ● বৃত্তাকার সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● অনাবাদি খালপাড়ে এখন ‘লাল সুন্দরী’র হাসি      ● অস্থায়ী কাঁচাবাজারের জায়গা দখলের অভিযোগ      ● পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে জখম      ● ডামুড্যায় শিশুর মরদেহ উদ্ধার      ● মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যাংক খাতে আস্থা ফেরানো জরুরি: অর্থমন্ত্রী      ● অস্ত্রের মুখে দুই শ্রমিক অপহরণ, দুই দিন পর উদ্ধার      ● প্রধানমন্ত্রীর বাসার সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট      ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা      
স্বাস্থ্যসেবার মান যাচাইয়ে মাঠে থাকবেন ৫৪ কর্মকর্তা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম

দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করতে পরিদর্শন ও তদারকির দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে গত ৩০ সেপ্টেম্বর জারি করা এক অফিস আদেশে এসব কর্মকর্তাকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত, জেনারেল, জেলা ও উপজেলা হাসপাতাল পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তারা নির্ধারিত হাসপাতাল এবং বিভিন্ন জেলা ও বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম তদারকি করবেন। কোনো কোনো কর্মকর্তাকে একটি জেলার পাশাপাশি অন্য জেলার হাসপাতালের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।

চিকিৎসকদের হাজিরা ও হাসপাতালের পরিবেশ তদারকি

আদেশে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের আওতাধীন জেলা, উপজেলা ও হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা নিয়মিত তদারকি করতে হবে। এ-সংক্রান্ত উপস্থিতির তথ্য ও প্রতিবেদনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।

এ ছাড়া জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি, সংক্রামক রোগ প্রতিরোধ এবং জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে বলা হয়েছে।

মাতৃ ও শিশুস্বাস্থ্যেও নজরদারি

অফিস আদেশে মাতৃ ও শিশুস্বাস্থ্য, প্রবীণদের স্বাস্থ্যসেবা এবং পুষ্টি কার্যক্রমসহ জনস্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশনা রয়েছে।

পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দায়িত্বও পালন করবেন তদারক কর্মকর্তারা।

নির্দেশনা অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত জেলা, উপজেলা ও হাসপাতাল পরিদর্শন করতে হবে। পরিদর্শনে চিহ্নিত সমস্যা, পর্যবেক্ষণ ও সুপারিশ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নিতে হবে।

প্রতিটি পরিদর্শনের পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় পাঠাতে হবে। পাশাপাশি প্রত্যেক কর্মকর্তাকে প্রতি মাসে অন্তত একটি পরিদর্শন সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ণ হাসপাতালের জন্য পৃথক তদারকি কর্মকর্তা

অফিস আদেশের তালিকা অনুযায়ী, অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের প্রশাসন, উন্নয়ন, বিশ্বস্বাস্থ্য, হাসপাতাল, জনস্বাস্থ্য, আর্থিক ও অডিট, বাজেট এবং নার্সিংসহ বিভিন্ন শাখার দায়িত্বের পাশাপাশি গুরুত্বপূর্ণ জাতীয় হাসপাতাল ও বিভাগভিত্তিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

তদারকির আওতায় রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ বিশেষায়িত প্রতিষ্ঠান।

অন্যদিকে, যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের দায়িত্বের মধ্যে জেলা পর্যায়ের হাসপাতালের পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতাল তদারকিও রয়েছে।

কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের বিদ্যমান সমস্যা চিহ্নিত করা, সমাধানের উদ্যোগ নেওয়া এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করাই এ ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য।
অফিস আদেশে আরও বলা হয়েছে, নির্ধারিত দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত দায়িত্বের অতিরিক্ত হিসেবে পালন করতে হবে। আদেশটি জারির তারিখ থেকে কার্যকর হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের এ উদ্যোগের ফলে কেন্দ্রীয় পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, চিকিৎসা সরঞ্জামের ব্যবহার, অবকাঠামোগত সমস্যা এবং ব্যবস্থাপনাগত ঘাটতি সম্পর্কে নিয়মিত তথ্য পাওয়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পথও সুগম হবে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close