
সিটি করপোরেশনের নির্ধারিত ও অনুমোদিত স্থান ছাড়া ঢাকার কোনো সড়ক বা ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি বলেছেন, অনুমোদিত স্থানের বাইরে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি তাদের মালামাল ক্রোক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদের পর কেউ আবার ফুটপাত দখল করলে সরাসরি মামলা করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর ধলপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম ও জনভোগান্তির বিভিন্ন বিষয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা হকারদের জন্য কিছু নির্দিষ্ট ফুটপাত ও স্থান নির্ধারণ করে দিয়েছি। এর বাইরে জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূল সড়কসহ কোনো ফুটপাতে অবৈধভাবে হকার বসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, শহরের সব হকারকে শৃঙ্খলার মধ্যে আসতে হবে এবং সিটি করপোরেশনে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া ঢাকার কোথাও কোনো হকার বসতে পারবেন না।
উচ্ছেদের পর পুনরায় ফুটপাত দখলের বিষয়ে আবদুস সালাম বলেন, এখন থেকে উচ্ছেদের সঙ্গে সঙ্গে মালামাল জব্দ ও সরাসরি মামলা করা হবে।
হকারদের নোটিস দেওয়া ও পুনর্বাসনের বিষয়ে প্রশাসক বলেন, হকার সমিতির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। ফলে নতুন করে নোটিস দেওয়ার প্রয়োজন নেই।
পুনর্বাসনের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ঢাকার যেসব নাগরিক সিটি করপোরেশনকে ট্যাক্স প্রদান করেন, তারা কী চান, সেই বিষয়টি সামনে রেখে আপনাদের প্রশ্ন করার অনুরোধ জানাচ্ছি।’
পরিদর্শনকালে ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশপথে ঢাকা ওয়াসার কাজের দীর্ঘসূত্রতার কারণে সৃষ্টি হওয়া জনভোগান্তি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক।
তিনি বলেন, ওয়াসার কাজের কারণে প্রতিদিন সেবা নিতে আসা হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ছেন। ওয়াসাসহ অন্যান্য সেবাদানকারী সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে সমন্বিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতি ১৫ দিন পরপর নিয়মিত বৈঠক হচ্ছে বলেও জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ