প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ পিএম

নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের ব্যাটিং বাদ দিলে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই বাংলাদেশ প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি। পদক জয়ের লড়াইয়ে আগের কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছিল লিটন দাসের দল। তবে সেমিফাইনালের একমাত্র ম্যাচেই বাজে পারফরম্যান্সে বিদায় নিতে হয়েছে তাদের। এমন হারের পর দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে।
প্রথমে ব্যাট করে ১৩ ওভারে পাকিস্তানকে ১১২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে মুস্তাফিজুর রহমানের ব্যয়বহুল বোলিংয়ের সুযোগ নিয়ে সহজেই জয় তুলে নেয় পাকিস্তান। ২ ওভারে ৪১ রান দেন এই পেসার। নির্ধারিত ওভারের ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান।
এশিয়ান গেমসে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে বাংলাদেশ দলে নেওয়া হয়েছিল আলিস আল ইসলামকে। স্পিনবান্ধব উইকেটেও তাকে একাদশে না খেলানো নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি তো দলের সঙ্গে নেই, তবে তাকে কেন খেলায়নি বলতে পারছি না।’
বিসিবির আরেক নির্বাচক মনে করেন, বাংলাদেশ ১৩০ রান করতে পারলে ভালো অবস্থানে থাকত। প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের হয়তো আলিসকে বাইরে রেখে কোনো পরিকল্পনা ছিল। তবে ম্যাচ হেরে বিদায় নেওয়ায় সেই পরিকল্পনা কতটা কার্যকর হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
একাদশে মোসাদ্দেক সৈকতকে রাখা হলেও তাকে দিয়ে বোলিং না করানো নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচকেরা ইয়াসির রাব্বিকে পাওয়ার হিটার হিসেবে উল্লেখ করেছিলেন। অথচ টি-টোয়েন্টি ম্যাচে এমন একজন ব্যাটারকে একাদশের বাইরে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে।
ম্যাচ হারের পর মুস্তাফিজকে দিয়ে বোলিং করানো নিয়েও প্রশ্নের মুখে পড়েন অধিনায়ক লিটন দাস। প্রথম ওভারে ১৮ রান দেওয়ার পরও কেন তাকে আবার বোলিংয়ে আনা হয়েছিল—এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘আজকে মুস্তাফিজ ৩ উইকেট পেলে আপনি এই প্রশ্ন করতেন না। আমার কাছে বেস্ট অপশন মুস্তাফিজ মনে হয়েছে, আমি করিয়েছি। আপনার কাছে যদি কখনও মনে হয় অন্য অপশন বেস্ট, আপনি করাবেন।’
এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। তবে বাংলাদেশের সামনে এখনও পদক জয়ের সুযোগ রয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের পর বিজয়ী দল ফাইনালে খেলবে। পরাজিত দলের বিপক্ষে ৩ অক্টোবর সকালে ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে মাঠে নামবে লিটন দাসের বাংলাদেশ।
স্বদেশ প্রতিদিন/এস পি