প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৫ পিএম

বান্দরবানে তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বান্দরবান সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলায় আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী ১৯ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় ও বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়। গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া প্রশিক্ষণটি বুধবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলার অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের ফ্রিজ ও এসি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে তাত্ত্বিক ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা বাস্তবভিত্তিক কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কারিগরি দক্ষতার গুরুত্ব দিন দিন বাড়ছে। ফ্রিজ ও এসি মেরামতের মতো ব্যবহারিক পেশায় প্রশিক্ষণ নিয়ে তরুণরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সনদপত্র বিতরণ শেষে প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্য উৎসাহিত করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সংশ্লিষ্টরা জানান, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণ, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরতা সৃষ্টিতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বান্দরবানে আয়োজিত এ কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম তারই একটি অংশ।
স্বদেশ প্রতিদিন/এস পি