প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩০ পিএম

জাপানের নাগোয়া শহরে আজ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০তম এশিয়ান গেমস। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ঐতিহ্যবাহী মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। দুই ঘণ্টার এই আয়োজনে জাপানের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে। ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটিকে গেমস উপলক্ষে নতুনভাবে সাজানো হয়েছে।
এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরে এবার অংশ নিচ্ছেন ৪৫ দেশের প্রায় ১১ হাজার ক্রীড়াবিদ। উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকোসহ দেশি-বিদেশি অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে। বাংলাদেশের হয়ে মার্চ পাস্টে জাতীয় পতাকা বহন করবেন শুটার আব্দুল্লাহ হেল বাকি ও কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা।
আয়োজকেরা উদ্বোধনী অনুষ্ঠানের বেশির ভাগ বিষয় গোপন রেখেছেন। তবে জাপানের ঐতিহ্যবাহী পরিবেশনা, ড্রাম পারফরম্যান্স এবং স্থানীয় সংস্কৃতির নানা আয়োজন থাকবে বলে জানা গেছে। এবারের অনুষ্ঠানের মূল থিম ‘হারমোনিক হার্ট বিট’। এর মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের ঐক্য ও একই ছন্দে এগিয়ে চলার প্রতীকী বার্তা তুলে ধরা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হবে এশিয়ান গেমস ও অলিম্পিকের ইতিহাসের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান থেকে সংগৃহীত পবিত্র শিখার সম্মিলিত প্রজ্বালন। ১৯৫৮ সালের টোকিও ও ১৯৯৪ সালের হিরোশিয়া এশিয়ান গেমস, ২০২০ সালের টোকিও অলিম্পিক এবং বর্তমান আইচি-নাগোয়া আয়োজনের সঙ্গে যুক্ত শিখা একত্র করে মূল স্টেডিয়ামে মশাল প্রজ্বালনের মাধ্যমে আসরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে।
জাপানের স্থানীয় সংস্কৃতির ছোঁয়া থাকছে পদকেও। পদকের কেস তৈরি করা হয়েছে আইচি অঞ্চলের ঐতিহ্যবাহী চা-চক্র সংস্কৃতির প্রতীক হিসেবে স্থানীয় ‘হিনোকি’ কাঠ দিয়ে। পুরো উদ্বোধনী আয়োজনের প্রধান নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন নাগোয়ায় জন্ম নেওয়া চলচ্চিত্র পরিচালক সুকিহিকো সুতসুমি।
তবে উদ্বোধনের আগেই শুরু হয়ে গেছে পদকের লড়াই। বাংলাদেশের নারী ক্রিকেট, নারী ফুটবল ও পুরুষ হকি দল ইতোমধ্যে প্রতিযোগিতায় নেমেছে। এবারের আসরে ৪৩টি ডিসিপ্লিনের ৪৬৯টি ইভেন্টে মোট ১ হাজার ৪০৭টি পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ক্রীড়াবিদরা।
বাংলাদেশ এবার ২২টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে। ক্রিকেটে ইতোমধ্যে বাংলাদেশের নারী দল সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে নারী ফুটবল দলে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। দুই কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর তাদের পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা কঠিন হয়ে পড়েছে।
ক্রিকেটকে ঘিরে অবশ্য বাংলাদেশের পদকের প্রত্যাশা রয়েছে। ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেট থেকে বাংলাদেশ স্বর্ণপদক পেয়েছিল। এবারও ক্রিকেটের পাশাপাশি শুটিং ও আর্চারিতে বাংলাদেশের ক্রীড়াবিদদের দিকে নজর থাকবে। আসরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সেই পদকের লড়াই আরও গতি পাবে।
স্বদেশ প্রতিদিন/এস পি