| শিরোনাম: |

মুমিনের জীবনে জিকিরের গুরুত্ব অনেক। আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করে নিয়মিত জিকির করা ইবাদতের গুরুত্বপূর্ণ অংশ। হাদিসে এমন একটি জিকিরের কথা এসেছে, যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং যার রয়েছে বিশেষ ফজিলত।
জিকিরটি হলো—‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।’
এর অর্থ—মহান আল্লাহ পবিত্র এবং সব প্রশংসা তাঁরই। তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।
জিকিরটির তাৎপর্য
‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলার মাধ্যমে আল্লাহর পবিত্রতা ঘোষণা করার পাশাপাশি তাঁর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
‘সুবহানাল্লাহ’ দ্বারা আল্লাহকে সব ধরনের ত্রুটি ও অপূর্ণতা থেকে মুক্ত বলে স্বীকার করা হয়। আর ‘ওয়া বিহামদিহি’ অংশের মাধ্যমে তাঁর প্রশংসা ও মহত্ত্বের স্বীকৃতি দেওয়া হয়।
গুনাহ মাফের সুসংবাদ
সহিহ বুখারির একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করবে, তার গুনাহ সমুদ্রের ফেনার মতো বেশি হলেও তা ক্ষমা করে দেওয়া হবে। (সহিহ বুখারি, হাদিস: ৬৪০৫)
আল্লাহর কাছে প্রিয় বাক্য
সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্যগুলোর একটি হলো ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’। (সহিহ মুসলিম, হাদিস: ২১৩৭)
অন্যদিকে জামে তিরমিজির একটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলে, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়। (জামে তিরমিজি, হাদিস: ৩৪৬৪)
সকাল-সন্ধ্যার আমল
সুনানে তিরমিজির একটি বর্ণনায় এসেছে, যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনবার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করবে, সে বিভিন্ন ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকবে। (সুনানে তিরমিজি, হাদিস: ৩৩৮৮)
তাই নিয়মিত জিকিরের মাধ্যমে আল্লাহর স্মরণে থাকা এবং তাঁর প্রশংসা করা একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ আমল হিসেবে বিবেচিত।
স্বদেশ প্রতিদিন/এফএইচ