প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম

টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দায়িত্বের পরিধিতে এবার যুক্ত হলো নতুন একটি অধ্যায়। ‘সেন্সর বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি)-এর নতুন ১৮ সদস্যের তালিকায় জায়গা পেয়েছেন তিনি।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন বোর্ডের সদস্যদের নাম জানানো হয়েছে। সেখানে বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামও রয়েছে।
পুনর্গঠিত হলো সিবিএফসি
২০১৭ সালের পর এবার নতুন করে গঠন করা হয়েছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। এর আগে ২০১৭ সালে ১২ সদস্য নিয়ে বোর্ড গঠিত হয়েছিল। তাদের মধ্যে কয়েকজনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে বোর্ড পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বোর্ড পুনর্গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। নতুন তালিকায় সদস্যদের ক্ষেত্রে কিছু পরিবর্তন এলেও সেন্সর বোর্ডের দায়িত্ব কিংবা কাজের পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
ওটিটির বিষয়বস্তু নিয়েও আলোচনা
এদিকে সিনেমার পাশাপাশি ওটিটির ছবি ও সিরিজের বিষয়বস্তু নিয়ন্ত্রণ বা নজরদারি নিয়েও নতুন করে আলোচনা চলছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত এর আগে ওটিটির কিছু বিষয়বস্তু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
দুই বছর আগে তিনি প্রথম এ প্রসঙ্গ তুলেছিলেন। ওটিটির কিছু কনটেন্টে কথিত ‘সাংস্কৃতিক দূষণ’ ঠেকানোর উপায় খুঁজতে তার উদ্যোগে একটি প্যানেলও গঠন করা হয়েছে।
কয়েক মাস আগে গঠিত ওই প্যানেলে শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত কয়েকজন সাবেক উপাচার্য এবং সঙ্ঘের প্রচারক রয়েছেন। গত মাসে প্যানেলটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ওটিটির বিষয়বস্তু নিয়ে একটি প্রস্তাব তৈরি করে তা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে পাঠানোর পরিকল্পনা রয়েছে প্যানেলটির।
সব মিলিয়ে চলচ্চিত্রের সেন্সর ব্যবস্থা ও ওটিটি কনটেন্ট নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক সেই সময়ে সিবিএফসির নতুন বোর্ডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অন্তর্ভুক্তি টালিউডে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ