সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
পদ্মাপাড়ে ফিরল গ্রামবাংলার ঐতিহ্য, বৈঠার তালে চলছে নৌকাবাইচ উৎসব
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ পিএম

পদ্মার পাড়জুড়ে উৎসবের আমেজ। নদীর বুকে ছুটে চলছে বিশাল আকৃতির নৌকা, বৈঠার তালে তালে মাঝি-মাল্লাদের হইচই আর নদীর তীরে দাঁড়িয়ে হাজারো মানুষের উচ্ছ্বাস—সব মিলিয়ে ফিরে এসেছে গ্রামবাংলার পুরোনো ঐতিহ্যবাহী নৌকাবাইচের আবহ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজবাড়ীর কালুখালী উপজেলার মহেন্দ্রপুর খেয়াঘাটে শেষ হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও গ্রামীণ মেলা। আয়োজনের শেষ দিনের প্রতিযোগিতা দেখতে পদ্মাপাড়ে জড়ো হন হাজারো মানুষ। নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর তীর ও আশপাশের এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মানুষকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে মাদক, জুয়া ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে মানুষকে দূরে রাখতে সামাজিক সচেতনতা তৈরির প্রত্যাশাও রয়েছে আয়োজকদের।

পদ্মার বুকে নৌকার দৌড়
বিকেলে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে আসা চারটি বিশাল আকৃতির নৌকা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বাঁশির সংকেতের সঙ্গে সঙ্গে নদীর বুকে শুরু হয় নৌকার ছুটে চলা।

শক্ত হাতে বৈঠা চালিয়ে নির্ধারিত সীমানায় সবার আগে পৌঁছানোর লড়াইয়ে মেতে ওঠেন মাঝি-মাল্লারা। নদীর বুকজুড়ে নৌকার ছুটে চলা, মাঝিদের সমস্বরে হাঁকডাক এবং তীরে দাঁড়িয়ে দর্শনার্থীদের উচ্ছ্বাসে পুরো এলাকা পরিণত হয় উৎসবের মিলনমেলায়।

প্রতিযোগিতার প্রতিটি মুহূর্ত উপভোগ করতে নদীর দুই পাড়ে ভিড় করেন অসংখ্য মানুষ। নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ পরিবারের সদস্যদের নিয়ে নৌকাবাইচ দেখতে আসেন।

পুরোনো ঐতিহ্যের ফিরে আসা
স্থানীয়রা জানান, একসময় গ্রামবাংলার নদ-নদীতে নৌকাবাইচ ছিল মানুষের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। বিভিন্ন উৎসব ও বিশেষ আয়োজনে নিয়মিত বসত নৌকাবাইচের আসর। ঢাক-ঢোলের তালে নদীর বুকে নৌকার প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসতেন মানুষ।

তবে সময়ের সঙ্গে আধুনিক বিনোদনের বিস্তারে এই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে। কালুখালীর মহেন্দ্রপুর খেয়াঘাটের এবারের আয়োজন সেই পুরোনো দিনের স্মৃতিকেই যেন নতুন করে সামনে নিয়ে এসেছে।

নদীর বুকে বিশাল নৌকার ছুটে চলা, মাঝি-মাল্লাদের বৈঠার ছন্দ আর তীরে দাঁড়িয়ে হাজারো মানুষের উচ্ছ্বাস—সব মিলিয়ে তিন দিনের আয়োজনটি পদ্মাপাড়ে তৈরি করে প্রাণবন্ত উৎসবের আবহ।

প্রথমবার নৌকাবাইচ দেখলেন ঢাকার সেলিনা
নৌকাবাইচ দেখতে ঢাকা থেকে মহেন্দ্রপুরে এসেছিলেন সেলিনা। জীবনে প্রথমবার সরাসরি নৌকাবাইচ দেখার অভিজ্ঞতা তার কাছে ছিল আনন্দের।

তিনি জানান, আগে টেলিভিশন বা ভিডিওতে নৌকাবাইচ দেখলেও বাস্তবে কখনো দেখেননি। এবার স্বামী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে সরাসরি নৌকাবাইচ দেখতে এসেছেন। বিপুল মানুষের উপস্থিতি ও আয়োজন দেখে তিনি আনন্দ প্রকাশ করেন।

৭৫ বছর বয়সী নজরুল বেপারী জানান, তিনি বহুবার নৌকাবাইচ দেখেছেন এবং একসময় নিজেও নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

তার ভাষ্য, নৌকাবাইচ গ্রামের পুরোনো ঐতিহ্য এবং মানুষের আনন্দের একটি বড় উপলক্ষ। সুন্দর পরিবেশে আয়োজন করায় এবার অনেক দর্শক এসেছে এবং গ্রামবাংলার মানুষ আনন্দ করার সুযোগ পেয়েছেন।

গ্রামীণ মেলাতেও ছিল জমজমাট আয়োজন
নৌকাবাইচের পাশাপাশি আয়োজন করা হয় গ্রামীণ মেলার। মেলায় বসে বাহারি পণ্য, খাবার ও বিভিন্ন সামগ্রীর দোকান। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ পরিবারের সদস্যদের নিয়ে মেলায় আসেন।

দর্শনার্থীরা পছন্দের পণ্য কেনাকাটার পাশাপাশি মেলার বিভিন্ন আয়োজন উপভোগ করেন। ফলে নৌকাবাইচের পাশাপাশি মেলাও পরিণত হয় স্থানীয় মানুষের মিলনস্থলে।

সাবরিনা নামের এক নারী জানান, নৌকাবাইচের কথা অনেকবার শুনলেও এর আগে কখনো সরাসরি দেখেননি। প্রথমবার নৌকাবাইচ দেখে তিনি আনন্দ প্রকাশ করেন।

তার মতে, নৌকাবাইচ গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। পরবর্তী প্রজন্মের উচিত এসব ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মকে এর সঙ্গে পরিচিত করা।

মেলার দোকানদার রিপন জানান, নৌকাবাইচ দেখতে বিপুলসংখ্যক মানুষ আসায় মেলায়ও ভালো বেচাকেনা হয়েছে। দর্শনার্থীরা ঘোরাফেরার পাশাপাশি বিভিন্ন পণ্য কিনেছেন।

প্রতিবছর আয়োজনের প্রত্যাশা
কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আয়োজক মেহেদী হাসান তোতা বলেন, গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরার প্রতিশ্রুতির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।

তিনি জানান, তাদের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এ অঞ্চলের হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যগুলো তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় তিন দিনব্যাপী নৌকাবাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, প্রত্যাশার চেয়েও বেশি মানুষের সমাগম হয়েছে। ভবিষ্যতে প্রতিবছর এ ধরনের আয়োজন করার প্রত্যাশাও রয়েছে তাদের।

তিন স্তরের নিরাপত্তা
নৌকাবাইচ ও মেলাকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।

তিনি জানান, নিরাপত্তার জন্য ইনার কর্ডন, নদীতে পুলিশ এবং আউটার কর্ডনে সিভিলের লোকজন দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো দুর্ঘটনা ঘটেনি।

স্থানীয়দের প্রত্যাশা, এমন আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্ম গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও বেশি পরিচিত হওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে নৌকাবাইচ ও গ্রামীণ মেলার মতো আয়োজন স্থানীয় মানুষের বিনোদন এবং পারস্পরিক যোগাযোগ বাড়াতেও ভূমিকা রাখবে।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #নৌকাবাইচ #রাজবাড়ী #কালুখালী #পদ্মা_নদী #মহেন্দ্রপুর #গ্রামবাংলার_ঐতিহ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close