সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যার পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৮ পিএম

নেপাল ও তিব্বতের সীমান্তে গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যা ও ভূমিধসের পেছনে জলবায়ু পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের (ডব্লিউডব্লিউএ) এক গবেষণা। ওই দুর্যোগে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এখনো হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন।

গবেষণায় বলা হয়েছে, এই ভয়াবহ দুর্যোগের পেছনে কোনো একটি কারণ এককভাবে দায়ী নয়। বরং তাপমাত্রা বৃদ্ধি, হিমবাহ পাতলা হয়ে যাওয়া, মাটির নিচে জমে থাকা বরফ গলে যাওয়া এবং আগে থেকেই থাকা ভূতাত্ত্বিক দুর্বলতা—বিভিন্ন কারণ একসঙ্গে কাজ করেছে।

গবেষণার অন্যতম লেখক এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ুবিদ ফ্রিডেরিকে অটো বলেন, মানুষের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তন এই দুর্যোগের পেছনে ভূমিকা রেখেছে—এ বিষয়ে সন্দেহ নেই।

ভয়াবহ বন্যা ও ভূমিধস
২৬ আগস্ট নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী বিভিন্ন শহর ও গ্রামে ভয়াবহ বন্যা ও ভূমিধস হয়। এতে হাজারো ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে বিজ্ঞানীরা জানিয়েছিলেন, হিমালয়ের নেপাল অংশের লাংটাং লিরুং পর্বতের কাছে একটি হিমবাহের ঢাল ধসে পড়ার পর এই ভয়াবহ বন্যার সূত্রপাত হয়।

হিমবাহের একটি বড় অংশ উপত্যকার নিচে প্রচণ্ড শক্তিতে আছড়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ওই ঘটনার ফলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি হয়েছিল।

তবে গবেষকদের মতে, শুধু হিমবাহ ধসই এই বিপর্যয়ের পুরো ব্যাখ্যা নয়। জলবায়ু পরিবর্তন আগে থেকেই দুর্বল থাকা পাহাড়ি অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলেছে।

বেড়েছে তাপমাত্রা
গবেষণায় দেখা গেছে, জুলাই ও আগস্ট মাসে ওই অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই অতিরিক্ত উষ্ণতা তৈরি হয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত উষ্ণতার কারণে হিমালয় অঞ্চলের বরফ ও হিমবাহের ওপরও প্রভাব পড়ছে। গবেষকদের তথ্য অনুযায়ী, ওই এলাকার হিমবাহগুলো বছরে প্রায় আধা মিটার করে পাতলা হয়ে যাচ্ছে।

এর ফলে হিমবাহের পুরোনো ফাটল ও দুর্বল অংশগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এতে হিমবাহ ধসে পড়ার সম্ভাবনাও বাড়ছে।

তুষার ও মাটির নিচের বরফ গলার প্রভাব
গবেষকদের মতে, গত বছরের অক্টোবর ও নভেম্বরে ওই এলাকায় প্রচুর তুষারপাত হয়েছিল। চলতি বছরের শুরুতে সেই তুষার গলে বিপুল পরিমাণ পানি তৈরি হয়।

একই সঙ্গে মাটির নিচে জমে থাকা বরফ কমে যাওয়ায় পাহাড়ি এলাকার স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব প্রাকৃতিক ও জলবায়ুগত পরিবর্তন একসঙ্গে কাজ করে গত মাসের দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে গবেষকেরা জানিয়েছেন।

২০১৫ সালের ভূমিকম্পের প্রভাব
নেপালে ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পে বিস্তীর্ণ এলাকায় পাথর ও বরফের বড় ধরনের ধস নেমেছিল।

গবেষকদের ধারণা, ওই ভূমিকম্পের কারণে পাহাড়ের অভ্যন্তরের শিলাস্তর দুর্বল হয়ে থাকতে পারে। তবে গত মাসের হিমবাহ ধসের সঙ্গে ২০১৫ সালের ভূমিকম্পের সরাসরি সম্পর্ক কতটা ছিল, তা নিশ্চিতভাবে বলা যায়নি।

গবেষণার আরেক লেখক এবং নেদারল্যান্ডসের ইউট্রেখট বিশ্ববিদ্যালয়ের পর্বত ও জলবিদ্যাবিষয়ক গবেষক ওয়াল্টার ইমারজিল বলেন, ওই এলাকার পাহাড়ি ঢাল এমনিতেই ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ। ২০১৫ সালের ভূমিকম্পে তা আরও দুর্বল হয়ে থাকতে পারে। এরপর হিমবাহ ও মাটির নিচের বরফ কমে যাওয়ায় পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়েছে।

জলবায়ু ন্যায়বিচারের দাবি নেপালের
ভয়াবহ এই দুর্যোগের পর নেপাল সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানিয়েছে।

নেপালের পক্ষ থেকে বলা হচ্ছে, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে দেশটির অবদান খুবই কম। অথচ বৈশ্বিক উষ্ণতার প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে নেপাল অন্যতম।

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে বালেন্দ্র শাহর। সেখানে তিনি সাম্প্রতিক এই দুর্যোগের পাশাপাশি জলবায়ু ন্যায়বিচারের বিষয়টি তুলে ধরবেন বলে জানা গেছে।

গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী, হিমালয় অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি, হিমবাহের দ্রুত পরিবর্তন এবং ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢালের সমন্বিত প্রভাব ভবিষ্যতে এ ধরনের দুর্যোগের ঝুঁকি আরও বাড়াতে পারে। তাই দুর্যোগ মোকাবিলার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় আগাম সতর্কতা ও পর্যবেক্ষণ জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।



স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #নেপাল #তিব্বত #বন্যা #ভূমিধস #জলবায়ু_পরিবর্তন #জলবায়ু_সংকট #হিমালয় #হিমবাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close