প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:৪০ পিএম

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর)রবিবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে বৃক্ষরোপণ, খেলার মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।
এসব কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে সামাজিক ও পরিবেশগত উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মৎস্যসম্পদ উন্নয়নে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রামকৃষ্ণ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, বিএডিসি( ক্ষুদ্র সেচ)কর্মকর্তা শিহাবুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ, সাংবাদিক আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে আয়োজকরা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ, সচেতন ও কর্মমুখী যুবসমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।