| শিরোনাম: |

জামালপুরের মেলান্দহে পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজন পাট ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়েছেন।
গতকাল সন্ধ্যায় মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের মাঝবন নাংলা গ্রামে অবস্থিত জাহাঙ্গীর পাট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোডাউনটির মালিক আলহাজ্ব বজলুর রহমান, তিনি নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হঠাৎ গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউনে মজুত করা পাটে। আগুনের ভয়াবহতায় পুড়ে ছাই হয়ে যায় বিপুল পরিমাণ পাট। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন স্থানীয় পাট ব্যবসায়ীরা।
বিশেষ করে স্থানীয় কয়েকজন ক্ষুদ্র ও মাঝারি পাট ব্যবসায়ী গোডাউনে পাট মজুত রেখেছিলেন। আগুনে তাদের সেই পাট পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন তারা। অনেকের দীর্ঘদিনের ব্যবসার পুঁজি এক রাতেই শেষ হয়ে গেছে।
এদিকে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি।
হঠাৎ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।